Logo

বিএমইউ'র ফার্মাকোলজি বিভাগে ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ১৮:০১
বিএমইউ'র ফার্মাকোলজি বিভাগে ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফার্মাকোলজি বিভাগে হিট প্রজেক্ট-১২২৫৬-এর আওতায় প্রতিষ্ঠিত ড্রাই ফার্মাকোলজি ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ল্যাবটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে দুর্বার আগ্রহ, সৃজনশীলতা এবং ইনোভেটিভ উদ্যোগের কোনো বিকল্প নেই। নতুন ওষুধ আবিষ্কার, ওষুধের বায়োইকুইভ্যালেন্স স্টাডি এবং আধুনিক গবেষণায় ফার্মাকোলজি বিভাগ অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগ পরিদর্শনের সময় তিনি ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রজেক্ট-১২২৫৬-এর সাব-প্রজেক্ট ম্যানেজার (ইনসিলিকো) এবং ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাই ফার্মাকোলজি ল্যাবের জন্য স্থাপিত দুটি উচ্চক্ষমতাসম্পন্ন ওয়ার্কস্টেশনেরও উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব ওয়ার্কস্টেশন ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজি গবেষণাকে আরও গতিশীল ও আধুনিক করবে।

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আধুনিক চিকিৎসা গবেষণায় ইনসিলিকো কম্পিউটেশনাল ফার্মাকোলজির গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। ড্রাগ-রিসেপ্টর ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ, ড্রাগ-ড্রাগ ইন্টারঅ্যাকশন মূল্যায়ন, নতুন ওষুধ উদ্ভাবন এবং উচ্চতর গবেষণা, বিশেষ করে পিএইচডি পর্যায়ের গবেষণায় এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, বিএমইউকে এগিয়ে নিতে প্রয়োজন সাহসী ও উদ্ভাবনী উদ্যোগ। ফার্মাকোলজি বিভাগের শিক্ষক-গবেষকদের জ্ঞান, দক্ষতা, সৃষ্টিশীলতা ও গবেষণার সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে নতুন নতুন ওষুধ আবিষ্কার, বায়োইকুইভ্যালেন্স স্টাডি এবং অন্যান্য গবেষণায় বিভাগটি বিশেষ সাফল্য অর্জন করতে পারবে। নতুন উদ্যমে পূর্ণমাত্রায় কাজ করলে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরে উপাচার্য বিভাগের গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে স্থাপিত লিকুইড ক্রোমাটোগ্রাফি ম্যাস স্পেকট্রোমেট্রি (এলসি-এমএস) এবং হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি (এইচপিএলসি) যন্ত্রের কার্যক্রম ঘুরে দেখেন। ল্যাবের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি গবেষণার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি ল্যাবের উন্নয়নে প্রশাসনিক ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন।

বিজ্ঞাপন

হিট প্রজেক্ট-১২২৫৬-এর সাব-প্রজেক্ট ম্যানেজার ডা. ইলোরা শারমিন জানান, অত্যাধুনিক এসব যন্ত্রের মাধ্যমে বিভাগে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং (টিডিএম), বায়োইকুইভ্যালেন্স, ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট এবং টক্সিকোভিজিল্যান্স-সংক্রান্ত সেবা চালুর লক্ষ্যে কাজ চলছে। এসব কার্যক্রম দেশের ক্লিনিক্যাল ফার্মাকোলজি গবেষণা ও রোগীসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে উপাচার্য হিট প্রজেক্ট-১২২৫৬-এর আওতায় পরিচালিত গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস (জিসিপি) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমও ঘুরে দেখেন। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল গবেষণা পরিচালনায় গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ড্রাই ফার্মাকোলজি ল্যাবের উদ্বোধন এবং এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ফার্মাকোলজি বিভাগের গবেষণা অবকাঠামো, কম্পিউটেশনাল গবেষণার সক্ষমতা এবং ক্লিনিক্যাল গবেষণার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ এবং ভবিষ্যতে বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিকভাবে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ল্যাব উদ্বোধন ও গবেষণাগার পরিদর্শনকালে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক ডা. ইলোরা শারমিন, সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা, সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু কান্তি সিংহ, সহকারী অধ্যাপক ডা. নাজিরা মাহমুদ বাধন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান, সহকারী রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন, সায়েন্টিফিক অফিসার ড. হাবিবা আক্তার ভূঁইয়াসহ ফার্মাকোলজি বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD