আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্স ফিরে পাবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া হাসপাতালটির লাইসেন্স পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পুনরায় পরিদর্শনের পর হাসপাতালের সার্বিক অবস্থা সন্তোষজনক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার পর সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকেই হাসপাতালের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। আইসিইউ ইউনিটের দরজা-জানালাসহ বিভিন্ন অবকাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভেন্টিলেশন ব্যবস্থা উন্নয়নের একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, খুব শিগগিরই একটি পরিদর্শন দল হাসপাতালটি পরিদর্শন করবে। পরিদর্শনে সবকিছু গ্রহণযোগ্য ও যৌক্তিক বলে বিবেচিত হলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবারগুলো চরম সংকটের মধ্যে রয়েছে। তারা মামলা করেছে এবং কিছু আর্থিক সহায়তাও পেয়েছে। তবে প্রতিশ্রুত সহায়তার পুরো অর্থ না পাওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
বিজ্ঞাপন
মামলার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে। মৃত্যুর পর ময়নাতদন্তের অনুমতি না পাওয়ায় তদন্তে কিছু আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। তবুও ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায় এবং কোনো পক্ষ যেন অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট।
সংবাদ সম্মেলনে জাতীয় স্বাস্থ্যসেবা হটলাইন ১৬২৬৩-এর কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনে এই নম্বরে ফোন করলে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাচ্ছে।
বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির বিষয়েও তিনি তুলে ধরেন। তাঁর ভাষ্য, উত্তরাঞ্চলসহ দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিশেষ বরাদ্দ ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারি সেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোথাও দুর্বলতা থাকলে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে। এতে সেবার মান আরও উন্নত হবে।
তিনি আরও জানান, জাতীয় দুর্যোগ কিংবা স্বাস্থ্যসংকটের সময় দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।








