ইরানের সাবমেরিনসহ ১৭ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগর এলাকায় অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইউএস সেন্টকম-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, যেসব প্ল্যাটফর্ম থেকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কা ছিল, সেগুলোতেই আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের বি-১ ও বি-২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে পরিচালিত অভিযানে অংশ নেয়।
তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই তিন জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান হয়রানি করে আসছিল। সাম্প্রতিক অভিযানের পর সেখানে আর কোনো ইরানি জাহাজ অবস্থান করছে না বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, ‘অপারেশন এপিক ফিউরি’-তে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা ও ২০০’রও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দেওয়া বার্তায় অ্যাডমিরাল কুপার আরও জানান, গত চার দিনে ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।
সূত্র: সিএনএন।








