যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বিভ্রান্ত করতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

সামরিক স্থাপনা ও সরঞ্জাম আড়াল করতে ভুয়া মডেল ও প্রতিরূপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইরান—এমন দাবি করেছেন এক সামরিক বিশেষজ্ঞ। তার মতে, প্রতিপক্ষের হামলা ভুল লক্ষ্যবস্তুতে পরিচালিত করতে এই কৌশল ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বিশেষজ্ঞ ও আকাশ প্রতিরক্ষা ইতিহাসবিদ ইউরি নুটভ বলেন, ইরান বর্তমানে সক্রিয়ভাবে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু এবং বিভিন্ন প্রতিরূপ ব্যবহার করছে। এসব কৃত্রিম লক্ষ্যবস্তু তৈরি করা হচ্ছে এমনভাবে, যাতে দূর থেকে সেগুলো আসল সামরিক স্থাপনা বা সরঞ্জাম বলে মনে হয় এবং প্রতিপক্ষ বিভ্রান্ত হয়।
স্পুটনিকের খবর অনুসারে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সেন্টকম যে ‘ইরানি ড্রোন’ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছিল, সেগুলোর কিছু আসলে ছিল ডামি বা নকল মডেল।
বিজ্ঞাপন
এছাড়া, ইসরায়েলি বাহিনীর কিছু হামলাও এমন লক্ষ্যবস্তুর ওপর হয়েছে, যা দূর থেকে সামরিক সরঞ্জামের মতো দেখালেও সেগুলো আসলে ছিল বিশেষভাবে আঁকা চিত্র বা প্রতিরূপ। এসব চিত্রে হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জামের অবয়ব তৈরি করা হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সময় প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করা নতুন কোনো কৌশল নয়। অনেক দেশই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা অস্ত্র ব্যবস্থা রক্ষায় এমন পদ্ধতি ব্যবহার করে থাকে।
বিজ্ঞাপন
তাদের মতে, এই পদ্ধতির মাধ্যমে শত্রুপক্ষের নজর প্রকৃত লক্ষ্য থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। একই সঙ্গে দেশের আসল সামরিক সক্ষমতা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো গোপন রাখা যায়, যা যেকোনো সংঘাতের সময় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।








