Logo

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ, ২০২৬, ১২:৪৮
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউরোপের পরিবর্তে বিকল্প বাজারে মনোযোগ কেন্দ্রীভূত করার অংশ হিসেবে দেশটি ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে পারে।

বিজ্ঞাপন

গত ৪ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ার পাইপলাইন এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া তার গ্যাস সরবরাহ অন্য বাজারে সরানোর বিষয়টি মূল্যায়ন করছে।

পুতিন আরও বলেন, “নতুন বাজারগুলো খুলছে, এবং সেগুলোতে অবস্থান শক্ত করলে আমাদের জন্য সুবিধাজনক হতে পারে। হয়তো ইউরোপীয় বাজারে সরবরাহ এখনই সীমিত করা ভালো হবে।” তিনি জানান, এমন কিছু ক্রেতা ইতোমধ্যেই এসেছে যারা উচ্চ মূল্যে গ্যাস কিনতে প্রস্তুত।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার প্রেক্ষাপটে চলতি সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে পরে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষার পরিকল্পনা জানালে দাম কিছুটা কমে আসে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবু সার্বিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়া মতো কয়েকটি দেশে পাইপলাইন গ্যাস সরবরাহ এবং নোভাটেক পরিচালিত ইয়ামাল এলএনজি প্রকল্পের মাধ্যমে কিছু গ্যাস সরবরাহ অব্যাহত আছে।

ইউরোপীয় কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস আমদানির প্রায় ১৩ শতাংশ ছিল রাশিয়ার গ্যাস, যার বার্ষিক মূল্য ১৫ বিলিয়ন ইউরোর বেশি।

বিজ্ঞাপন

সূত্র: ব্লুমবার্গ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD