Logo

উত্তপ্ত মধ্যপ্রাচ্য: দোহায় বিস্ফোরণ, উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ, ২০২৬, ১৫:৪৫
উত্তপ্ত মধ্যপ্রাচ্য: দোহায় বিস্ফোরণ, উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলা
ছবি: সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে মধ্যপ্রাচ্য একবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় উত্তর পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরানের কোম শহরে ইসরায়েলি বিমানবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরার তথ্য অনুযায়ী, কাতারের দোহায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এর আগে নিরাপত্তার স্বার্থে মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল।

গত শনিবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসে হামলার পর দোহাতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো মার্কিন, ইসরায়েলি বা সমর্থক ইউরোপীয় জাহাজকে তারা ছাড় দেবে না। আইআরজিসি আরও জানিয়েছে, সন্দেহভাজন কোনো জাহাজ দেখলেই আঘাত করা হবে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক মুখপাত্র অবিচাই আদ্রাই জানিয়েছেন, কোম শহরে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এছাড়া ইসফাহান শহরে ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়েছে। তেল আবিব বলেছে, আকাশসীমায় নিয়ন্ত্রণ নিশ্চিত করাই এই হামলার মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো গত কয়েক দিন ধরে মার্কিন ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। সম্প্রতি দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলার ঘটনা ঘটেছে।

বর্তমান পরিস্থিতিতে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ও যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি ও আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD