ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন প্রধান আহমাদ ওয়াহিদি

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিজ্ঞাপন
গত ১ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হন। তার মৃত্যুর পাঁচ দিনের মাথায় আহমাদ ওয়াহিদিকে বাহিনীটির নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
আইআরজিসির অন্যতম প্রধান দায়িত্ব হলো দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং ইরানে প্রতিষ্ঠিত ইসলামি প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা ও ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষা করা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশনায় এ বাহিনী গঠন করা হয়।
বিজ্ঞাপন
আহমাদ ওয়াহিদি আইআরজিসি প্রতিষ্ঠার শুরুর সময় থেকেই বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির বিশেষ ইউনিট কুদস ফোর্সের প্রধান কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা।








