Logo

হরমুজের দায়িত্বে থাকা নৌ-কমান্ডার নিহতের তথ্য স্বীকার করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ, ২০২৬, ১৬:১৮
হরমুজের দায়িত্বে থাকা নৌ-কমান্ডার নিহতের তথ্য স্বীকার করল ইরান
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালির দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলীরেজা তাঙসিরির মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, তাঙসিরি দেশটির নৌবাহিনীকে সুসংগঠিত করেছিলেন এবং উপকূল ও দ্বীপাঞ্চলের সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সাম্প্রতিক এক হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি মারা যান।

এর আগে গত ২৬ মার্চ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তাঙসিরি নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল। তবে সে সময় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান।

বিজ্ঞাপন

আলীরেজা তাঙসিরি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন, যাকে অতীতে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়। ২০১৮ সালে তিনি নৌবাহিনীর উচ্চপদে উন্নীত হন এবং হরমুজ প্রণালির নিরাপত্তা তদারকির দায়িত্ব পান।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে আইআরজিসি। সে সময় প্রণালি দিয়ে চলাচলকারী একাধিক বিদেশি তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটে, যা তাঙসিরির নির্দেশেই পরিচালিত হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD