Logo

ট্রাম্পের ভাষণ শেষ না হতেই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল, ২০২৬, ১৩:২০
ট্রাম্পের ভাষণ শেষ না হতেই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি জানিয়ে ভাষণ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেগুলো প্রতিহত করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি মূলত দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে প্রতিরক্ষা ব্যবস্থার দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এড়ানো গেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্কতা জারি এবং নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও তুলে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ট্রাম্পের বক্তব্যের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে— এমন বক্তব্যের পরপরই এই হামলার মাধ্যমে নিজেদের সামরিক শক্তির উপস্থিতি দেখানো হয়েছে।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধ্বংস করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় অকার্যকর এবং পুনর্গঠনের মতো শক্তিও তাদের হাতে নেই। তবে সাম্প্রতিক হামলার ঘটনা সেই দাবির ওপর নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD