ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১

ইন্দোনেশিয়ার উত্তর মলুকা প্রদেশে বৃহস্পতিবার (২ এপ্রিল) ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, এতে অন্তত একজন নিহত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে টারনাটে শহরের উপকূলীয় এলাকার সমুদ্রের মধ্যে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। টারনাটে শহর থেকে কেন্দ্রস্থল প্রায় ১২০ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের পরে প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়, পরে দুই ঘণ্টার বেশি সময়ে তা প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা অনুযায়ী, উত্তরের মিনাহাসা শহরে ঢেউর উচ্চতা ৭৫ সেন্টিমিটার, বিটুংয়ে ২০ সেন্টিমিটার এবং উত্তর মলুকা প্রদেশে ৩০ সেন্টিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞাপন
উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে একটি ভবন ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টারনাটে ও টিডোরের মতো শহরগুলোতে স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল।
ভূমিকম্প ও সুনামি নিয়ে আশঙ্কা থাকা এলাকাগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় প্রত্যাহার করা হয়েছে।








