ট্রাম্পের হুমকির পর অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পের ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুমকির পর বেইজিং এ অবস্থান জানায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সংঘাত আরও বাড়লে তা কারও জন্যই কল্যাণকর হবে না। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করে সংলাপের পথে ফেরার আহ্বান জানান।
এর আগে বুধবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং জানান, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বড় ধরনের হামলা হতে পারে।
বিজ্ঞাপন
এই বক্তব্যের পরপরই ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ পাল্টা প্রতিক্রিয়া জানায়। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত সংঘাত অব্যাহত থাকবে এবং আরও ব্যাপক ও ধ্বংসাত্মক হামলার জন্য প্রস্তুত থাকতে হবে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্রাম্পের ভাষণের পর ইরান দুই দফায় দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত চারবার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা শনাক্ত করা হয়েছে।








