গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা এখনো ঘোষণাতেই সীমাবদ্ধ: ইউরি কোকভ

গাজা সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-সচিব ইউরি কোকভ।।
বিজ্ঞাপন
রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত পরিকল্পনা এখনো কাগজেই সীমাবদ্ধ রয়েছে, বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
কোকভ আরও জানান, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় নতুন করে সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে হামাসের কর্মকাণ্ডের নিন্দা জানানো হলেও রাশিয়া শুরু থেকেই সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক পথে সংকট নিরসনের আহ্বান জানিয়েছিল।
বিজ্ঞাপন
তার অভিযোগ, পশ্চিমা বিশ্ব অনেক সময় নিজেদের প্রভাব ও স্বার্থের কারণে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু পক্ষ প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কোকভের দাবি, এসব পদক্ষেপের ফলে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বহু মানুষ নিহত হয়েছেন, অসংখ্য মানুষ আহত ও বাস্তুচ্যুত হয়েছেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই ন্যায্যতা পায় না এবং এর সঙ্গে ন্যায়বিচারের কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় এখন পর্যন্ত প্রায় ৭২ হাজার মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১৮ হাজারের বেশি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন এক লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ।








