এবার তেহরানে প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, ব্যাপক ক্ষতি

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর জানান, ১৯২০ সালে প্রতিষ্ঠিত পাস্তুর ইনস্টিটিউট অব ইরানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি প্রতিষ্ঠানটিকে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
বিজ্ঞাপন
হামলার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের বিভিন্ন অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা এটিকে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন।
কেরমানপুর আরও বলেন, আন্তর্জাতিক পাস্তুর নেটওয়ার্কের সদস্য এই প্রতিষ্ঠানটির ওপর হামলা জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অতীতে কিছু দেশের রপ্তানি নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ তালিকায় এই প্রতিষ্ঠানের নাম উঠেছিল। গণবিধ্বংসী অস্ত্র-সংক্রান্ত সম্ভাব্য কেনাকাটার অভিযোগে কয়েকটি দেশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।








