বেতন কম হওয়ায় প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমান তরুণী!

চীনে কম বেতন নিয়ে অসন্তোষ প্রকাশে ভিন্নধর্মী প্রতিবাদের ঘটনায় আলোচনায় এসেছেন এক নারী কর্মী। অফিসে টানা পাঁচ ঘণ্টা ঘুমিয়ে প্রতিবাদ জানানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
মধ্য চীনের শাংচিউ শহরের এই ঘটনা নিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিজের কাজের তুলনায় বেতন কম পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন ওই কর্মী। প্রতিবাদের অংশ হিসেবে তিনি ইচ্ছাকৃতভাবে কাজের গতি কমিয়ে দেন এবং অফিস সময়েই নিজের ডেস্কে ঘুমিয়ে পড়েন। পরে তিনি জানান, “যেমন বেতন, তেমন কাজ”—এই বার্তাই দিতে চেয়েছেন।
ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে যখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ঘুমন্ত অবস্থায় দেখে সতর্ক করেন এবং পুনরাবৃত্তি হলে চাকরিচ্যুত করার হুমকি দেন। এর জবাবে ওই নারী একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং তিনি শুধু বেতন কাঠামোর অসঙ্গতি তুলে ধরতে চেয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে, ঘুম থেকে উঠে তিনি তার বসের ডেস্ক থেকে একটি চকলেট খেয়ে নেন। পরে জানা যায়, ওই চকলেটটি তার বসের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং তা না পেয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ভিডিওতে ওই কর্মী অভিযোগ করেন, তাকে ইচ্ছাকৃতভাবে দোষারোপ করা হচ্ছে এবং চাকরি হারানোর হুমকি দেওয়া হয়েছে। তবে ঘটনাটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকে কর্মক্ষেত্রে বেতন বৈষম্যের বিষয়টি তুলে ধরলেও অধিকাংশই মনে করছেন, দায়িত্বে অবহেলা ও সহকর্মীর জিনিস ব্যবহার করা পেশাগত শৃঙ্খলার পরিপন্থী।








