যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। নতুন এই রণতরীর নাম ‘ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ’।
বিজ্ঞাপন
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, গত মার্চে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে রণতরীটি আফ্রিকার উপকূল পেরিয়ে বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে।
‘ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ’ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরমাণু শক্তিচালিত ১০টি বিমানবাহী রণতরীর একটি।
বিজ্ঞাপন
এদিকে এর আগে চলমান উত্তেজনার সময় মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্র প্রথমে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মোতায়েন করে। পরে মার্চের মাঝামাঝি সময়ে ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ নামের আরেকটি রণতরীও সেখানে পাঠানো হয়।
তবে যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য সমস্যার কারণে ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ মার্চের শেষ দিকে লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে ক্রোয়েশিয়ার দিকে রওনা দেয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওই রণতরী মধ্যপ্রাচ্য ত্যাগ করার দিনেই ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে নতুন রণতরী ‘ইউএসএস বুশ’।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে বলে জানানো হয়।
সূত্র: এএফপি, গালফ নিউজ








