দুই মাস পর ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

প্রায় দুই মাস বন্ধ থাকার পর ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবারও আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। শনিবার সকালে রাজধানী তেহরানে অবস্থিত এই বিমানবন্দরটি পুনরায় চালু করা হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।
বিজ্ঞাপন
তবে বিমানবন্দর খুলে দেওয়া হলেও এখনো পূর্ণাঙ্গ কার্যক্রম বা নিয়মিত অপারেশন শুরু হয়নি। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সীমিত পরিসরে যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়েছে ওমানের রাজধানী মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশে।
আরও পড়ুন: দুই দশক পর নির্বাচন হচ্ছে গাজার এক শহরে
ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শুরুর দিনই, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি নিজেদের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছিল ইরান।
বিজ্ঞাপন
টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ইরানে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল ২২ এপ্রিল, কিন্তু ২২ এপ্রিলের আগের দিন ২১ এপ্রিল এক ঘোষণায় ইরানে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর মাত্র তিন দিন পরই ইরান তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে পুনরায় চালু করল, যা দেশটির স্বাভাবিক বিমান যোগাযোগ ব্যবস্থায় ফেরার একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র : আলজাজিরা








