ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের অংশ হিসেবে বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছে ইরানি দূতাবাস।
বিজ্ঞাপন
পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি প্রতিনিধিদল দেশটির শীর্ষ বেসামরিক ও নিরাপত্তা নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নিচ্ছে। এসব বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন।
ইরানি প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।
বিজ্ঞাপন
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ক্রমেই গতি পাচ্ছে। এই প্রক্রিয়ায় ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে উঠে আসছে।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক পরামর্শমূলক বৈঠক চালিয়ে যাচ্ছে। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে, বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিনিধিদলকে পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারা শনিবার সকালে রওনা হবেন।’








