আরাঘচির পাকিস্তান সফরের কারণ জানাল ইরানের নিরাপত্তাপ্রধান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সাম্প্রতিক পাকিস্তান সফরকে ঘিরে নানা আলোচনা তৈরি হলেও এটি পরমাণু প্রকল্প সংলাপের সঙ্গে সম্পর্কিত নয় বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
বিজ্ঞাপন
শনিবার রজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে ইব্রাহিম আজিজি বলেছেন, “পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পরমাণু প্রকল্প ইস্যুতে সংলাপের জন্য পাকিস্তানে যাননি। তার এই সফরে পরমাণু প্রকল্প সম্পর্কিত সংলাপের কোনো অ্যাসাইনমেন্ট নেই। তিনি সরকারি সফরে পাকিস্তানে গিয়েছেন এবং তার এ সফরের প্রধান উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করা এবং দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করা।”
এর আগে গতকাল শুক্রবার রাতে একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানে পৌঁছান আরাগচি। ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তার সফর নিশ্চিত করে এবং জানায়, ইরানি প্রতিনিধিদলের আগমন উপলক্ষে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে চলে যান; সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন তিনি।
আরও পড়ুন: দুই দশক পর নির্বাচন হচ্ছে গাজার এক শহরে
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদের ওই সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি








