যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থবির, আবারও বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনিশ্চয়তায় পড়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একইভাবে মার্কিন অপরিশোধিত তেলের দামও বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪০ ডলারে।
বিজ্ঞাপন
তেলের বাজারে অস্থিরতা থাকলেও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন কেবল আশ্বাসে সন্তুষ্ট নন; তারা টেকসই সমাধানের বাস্তব অগ্রগতি দেখতে চান। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ গোহ জিং রং মনে করেন, তেলের বাজার স্থিতিশীল করতে হলে দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য কোনো চুক্তি জরুরি।
বিজ্ঞাপন
সম্প্রতি পাকিস্তানে নির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেওয়ার পর থেকেই বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চাপে ফেলেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সরবরাহ সংকট আরও গভীর হয়েছে। বিশ্বে মোট অপরিশোধিত তেল ও এলএনজির বড় অংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়।
বর্তমান পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সেন্ট পিটার্সবার্গে গেছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, তেহরানের অভ্যন্তরীণ বিভ্রান্তির কারণে আলোচনায় অগ্রগতি হচ্ছে না এবং উদ্যোগ নিতে হবে ইরানকেই।
সূত্র: বিবিসি








