Logo

আবারও ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ২২:০৫
আবারও ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
ছবি: সংগৃহীত

ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রবিবার (২৬ এপ্রিল) রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে তিনি পৌঁছান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এ প্রক্রিয়ায় ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এর অংশ হিসেবে শনিবার ইসলামাবাদ থেকে ওমান সফরে যান আরাঘচি। সেখানে দেশটির শাসকের সঙ্গে বৈঠক শেষে রবিবার আবার পাকিস্তানে ফিরে আসেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাঘচি জানান, ইরানের ওপর আরোপিত যুদ্ধ বন্ধে একটি কার্যকর কৌশল নির্ধারণের লক্ষ্যে তিনি শেহবাজ শরিফসহ পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ওই বৈঠকে ইরানের অবস্থান ও শর্ত তুলে ধরা হয় বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, আরাঘচির ওমান যাত্রার কিছুক্ষণ পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, পাকিস্তানে নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানে কতটা আন্তরিক, তা সময়ই প্রমাণ করবে।

পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, ইসলামাবাদে সংক্ষিপ্ত অবস্থানকালে আরাঘচি দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও বৈঠক করবেন। এরপর তার পরবর্তী গন্তব্য মস্কো হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাঘচি। এ সময় আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। বিভিন্ন দেশ ও পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স, ডন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD