ইসরায়েলি হামলায় গাজায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক গর্ভবতী নারী এবং তার দুই সন্তান নিহত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, নিহত নারীর স্বামী খালেদ আল-তানানি জানিয়েছেন, তারা ধারণা করেছিলেন ওই এলাকা তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু হঠাৎ হামলায় পুরো পরিবারটি প্রাণ হারায়।
তিনি আরও অভিযোগ করেন, ঘোষিত যুদ্ধবিরতির সময়েই এই হামলা চালানো হয়েছে, যা বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
বিজ্ঞাপন
ঘটনার পর গাজা শহরের আল-শিফা হাসপাতালের সামনে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এর মধ্যে একাধিকবার তা ভঙ্গের অভিযোগ উঠেছে। গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ২ হাজার ৪০০ বারের বেশি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার মধ্যে হামলা, গ্রেপ্তার, অবরোধ ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৯৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ২৩৫ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, ২০০৭ সাল থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংকট আরও তীব্র হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা সংঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি হাসপাতাল ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছে, যাদের বড় অংশ নারী ও শিশু।
বিজ্ঞাপন
সূত্র: মিডল ইস্ট আই








