Logo

মালিতে সশস্ত্র হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১৮:৫৩
মালিতে সশস্ত্র হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একাধিক সামরিক স্থাপনায় সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার দেশটির বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার কাটি শহরে কামারার বাসভবনকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট একটি সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীরা। শহরের সরকারি ও সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িও হামলার আওতায় পড়ে।

২০২০ ও ২০২১ সালে ধারাবাহিক অভ্যুত্থানের পর গঠিত সামরিক সরকারের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন কামারা। তাকে দেশটির সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের একজন হিসেবেও বিবেচনা করা হতো।

বিজ্ঞাপন

হামলার ধরন সম্পর্কে জানা গেছে, কামারার বাসভবনের কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই সামরিক ঘাঁটি অত্যন্ত সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। সেখানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতার বাসভবনও রয়েছে। হামলার সময় তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তিনি বর্তমানে নিরাপদ আছেন।

শুধু কাটি নয়, একই সময়ে রাজধানী বামাকোসহ উত্তরাঞ্চলের গাও, কিদাল এবং মধ্যাঞ্চলের সেভারেসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। স্থানীয়দের মতে, কিদাল অঞ্চলে রোববারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার ২৪ ঘণ্টা পার হলেও সংঘর্ষ পুরোপুরি থামেনি।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের ধারণা, সামনের দিনগুলোতে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ আরও বাড়তে পারে। আগে একে অপরের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীগুলো এখন রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে একজোট হয়েছে।

এ ঘটনায় আফ্রিকান ইউনিয়ন, ওআইসি এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তর নিন্দা জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD