Logo

ইরান ইস্যুতে আলোচনা গুরুত্বপূর্ণ, বললেন পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৬, ১৭:৩৭
ইরান ইস্যুতে আলোচনা গুরুত্বপূর্ণ, বললেন পুতিন
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠককে সামনে রেখে এমন বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গে পুতিন ও আরাঘচির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মধ্যপ্রাচ্য ও ইরানকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় মস্কোর সমর্থন চাইতে রাশিয়ায় যান আরাঘচি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূতদের ইসলামাবাদ সফর বাতিল করায় দুই দেশের সম্ভাব্য শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়ে।

বিজ্ঞাপন

যুদ্ধ বন্ধে ইরানের অবস্থান তুলে ধরতে আরাঘচি সম্প্রতি ওমান সফর করেন। তিনি জানান, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। ইসলামাবাদ সফরকেও ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, সেখানে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটি কার্যকর রূপরেখা তুলে ধরা হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন ইরানের এই মন্ত্রী। তার এমন মন্তব্যের পরই ট্রাম্প প্রশাসন ইসলামাবাদে আলোচনার পরিকল্পনা বাতিল করে।

বিজ্ঞাপন

যদিও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, তবুও হরমুজ প্রণালি ইস্যুতে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। অন্যদিকে, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষও অব্যাহত আছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। পাল্টা হামলায় ইসরায়েলের এক সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

সূত্র: তাস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD