Logo

সম্মুখসারির সেনাদের জন্য দুই মাসের সীমা বেঁধে দিল ইউক্রেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৬, ১৫:৩৮
সম্মুখসারির সেনাদের জন্য দুই মাসের সীমা বেঁধে দিল ইউক্রেন
ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধে সম্মুখসারিতে থাকা সৈন্যদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি নির্দেশনা দিয়ে বলেছেন, সম্মুখসারিতে মোতায়েন সৈন্যরা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক বার্তাসংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে জনবল সংকট মোকাবিলায় কিয়েভ এই সিদ্ধান্ত নিয়েছে, যা সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সম্মুখসারিতে দায়িত্ব পালনকারী সৈন্যদের জন্য দুই মাসের বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ সময় শেষ হওয়ার পর সর্বোচ্চ এক মাসের মধ্যে তাদের বদলি বা রোটেশন সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট কমান্ডারদের ওপর ন্যস্ত থাকবে।

বিজ্ঞাপন

সেনাপ্রধান সিরস্কি এক বিবৃতিতে বলেন, বর্তমান যুদ্ধে ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহার সরবরাহ ব্যবস্থা ও সামরিক কার্যক্রমকে জটিল করে তুলেছে। এতে যুদ্ধ পরিচালনার ধরনেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এমন পরিস্থিতিতে সৈন্যদের দীর্ঘ সময় একই স্থানে রাখার ঝুঁকি বাড়ছে, যা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সময়মতো রোটেশন নিশ্চিত করা শুধু প্রশাসনিক বিষয় নয়; এটি সৈন্যদের জীবন রক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। এ নির্দেশনায় সম্মুখসারিতে থাকা সদস্যদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি যথাসময়ে খাবার ও গোলাবারুদ সরবরাহের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের সেনাদের ওপর চাপ বেড়েছে। টানা গোলাবর্ষণ ও রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর প্রচেষ্টার মধ্যে এই নতুন সময়সীমা নির্ধারণ সৈন্যদের মানসিক ও শারীরিক সক্ষমতা ধরে রাখতে সহায়ক হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD