ইরানের নতুন শান্তি প্রস্তাবে ভিন্নমত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা কমিয়ে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে তিন ধাপের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে প্রস্তাবটির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আপত্তি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফলে আলোচনা আবারও অনিশ্চয়তায় পড়েছে।
বিজ্ঞাপন
মার্কিন গণমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের প্রস্তাবের কাঠামো তার প্রশাসনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ইরান ও লেবাননে সব ধরনের সামরিক সংঘাত বন্ধ করতে হবে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় ধাপে ইরানের বন্দর এবং হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহার করতে হবে, পাশাপাশি প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু হবে।
বিজ্ঞাপন
সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপে বলা হয়েছে, আগের দুই ধাপে সমঝোতা সফল হলে এরপর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করা হবে।
এখানেই আপত্তি ট্রাম্পের। তার মতে, পরমাণু ইস্যু কোনোভাবেই পরবর্তী ধাপে রাখা যাবে না। বরং এই বিষয়টিই আগে নিষ্পত্তি করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং এই বিষয়ে নিশ্চিত সমঝোতা ছাড়া অন্য কোনো বিষয়ে অগ্রগতি সম্ভব নয়।
বিজ্ঞাপন
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ওপর আরোপিত অবরোধ এবং হরমুজ প্রণালিতে কঠোর নজরদারি সামরিক হামলার চেয়েও বেশি কার্যকর চাপ তৈরি করছে। তার ভাষায়, এই পদক্ষেপ ইরানকে ক্রমেই সংকটে ফেলছে এবং তারা শেষ পর্যন্ত আলোচনায় আসতে বাধ্য হবে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের অবস্থানগত এই পার্থক্য দূর না হলে দ্রুত কোনো সমাধানে পৌঁছানো কঠিন হবে।
সূত্র : এক্সিওস








