২২৬ পেরিয়ে যাব, বুথফেরত সমীক্ষা ‘টাকা দিয়ে দেখানো’: মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, এবারের নির্বাচনে তৃণমূল ২২৬টির বেশি আসনে জয় পাবে।
বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ পেতে শুরু করে। অধিকাংশ সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে এসব সমীক্ষাকে ‘চক্রান্ত’ বলে উড়িয়ে দিয়েছেন মমতা।
বিজ্ঞাপন
ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, বিজেপি টাকা দিয়ে সংবাদমাধ্যমকে নির্দিষ্ট ফলাফল দেখাতে বাধ্য করেছে। তার দাবি, “টিভিতে যা দেখানো হচ্ছে, তা পরিকল্পিত। আমরা ২২৬ আসন পার করব, এমনকি ২৩০-ও পেতে পারি।”
রাজ্যের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তীব্র গরম ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও মানুষ যে উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন, তাতে তিনি আশাবাদী। তৃণমূল কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, তারা নানা চাপ ও অত্যাচারের মধ্যেও লড়াই চালিয়ে গেছেন।
ভোট চলাকালে কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন মমতা। তার দাবি, অনেক জায়গায় তৃণমূল কর্মীদের ওপর হামলা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হয়েছে। কয়েকটি নির্দিষ্ট এলাকার উদাহরণও তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
এছাড়া গণনাকেন্দ্র নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “ইভিএম বদলের চেষ্টা হতে পারে, তাই কর্মীদের সর্বক্ষণ সতর্ক থাকতে হবে।” প্রয়োজনে নিজেও গণনাকেন্দ্রে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
বুথফেরত সমীক্ষাকে ‘বিজেপির শেষ খেলা’ উল্লেখ করে মমতা আরও দাবি করেন, শেয়ার বাজারকে প্রভাবিত করতেই এসব ফল প্রকাশ করা হচ্ছে।
বিজ্ঞাপন
শেষে তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনও পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। একইসঙ্গে প্রশাসনের প্রতিও আহ্বান জানান, যাতে গণনার সময় কোনও রাজনৈতিক কর্মীর ওপর অন্যায় আচরণ না করা হয়।








