Logo

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা করলেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মে, ২০২৬, ১০:০১
ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার কার্যত অবসান ঘটেছে। শুক্রবার (১ মে) কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি আনুষ্ঠানিকভাবে এই সংঘাতের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতা এখন আর নেই এবং যুদ্ধবিরতির পর থেকে নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, ইরানের পক্ষ থেকে আসা হুমকি এখনো গুরুত্বহীন নয়। তাই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী প্রস্তুত থাকবে।

এই অভিযানে কংগ্রেসের আগাম অনুমোদনের প্রয়োজন ছিল না বলে দাবি করেন ট্রাম্প। তিনি জানান, ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে। ভবিষ্যতে বড় কোনো সেনা মোতায়েন বা কৌশলগত পরিবর্তনের ক্ষেত্রে কংগ্রেসকে অবহিত করা হবে বলেও তিনি চিঠিতে আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এদিকে ট্রাম্পের এমন অবস্থানের তীব্র সমালোচনা করেছেন সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিন শাহীন। তিনি অভিযোগ করেন, ৬০ দিনের এই সংঘাতের পরও ট্রাম্প প্রশাসনের কাছে কোনো সুস্পষ্ট কৌশল বা ‘এক্সিট প্ল্যান’ নেই।

আইনি প্রেক্ষাপট অনুযায়ী, ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’-এর অধীনে মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান পরিচালনা করতে পারেন। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নেওয়া অথবা সীমিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা থাকে।

বিজ্ঞাপন

যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো কোনো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি হয়নি। এর মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের দেওয়া একটি সংশোধিত প্রস্তাব একই দিনে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। ফলে এই অঞ্চলের কূটনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD