যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বারও যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ জাফার আসাদি। বার্তাসংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে এবং পরিস্থিতি আবারও সংঘর্ষের দিকে যেতে পারে। তার দাবি, যুক্তরাষ্ট্র চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষায় নির্ভরযোগ্য নয়—এমন ইঙ্গিতই বিভিন্ন তথ্য-প্রমাণে পাওয়া যাচ্ছে।
সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি সংশোধিত প্রস্তাব পাঠায়। তবে সে প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রস্তাবটি নিয়ে সমালোচনাও করেন। এর পরপরই ইরানি পক্ষ থেকে সম্ভাব্য নতুন সংঘাতের বিষয়টি সামনে আসে।
বিজ্ঞাপন
মোহাম্মদ জাফার আসাদি ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার ‘খতম আল-আনবিয়া’র জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বিজ্ঞাপন
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়, আরব উপসাগর এবং হরমুজ প্রণালির ইরানি উপকূলবর্তী প্রায় ২ হাজার কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ উদ্যোগের উদ্দেশ্য হলো এই জলপথকে দেশের জনগণের জন্য গর্ব ও শক্তির প্রতীক হিসেবে গড়ে তোলা এবং একই সঙ্গে অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক জ্বালানিপণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়।
সূত্র: এএফপি








