ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি না হলেও যুক্তরাষ্ট্রের ‘ভালোই’ হবে

ইরানের সঙ্গে কোনো স্থায়ী সমঝোতা চুক্তি না হলেও যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি “ভালোই” হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, চুক্তি না হওয়াও এক ধরনের ইতিবাচক ফল বয়ে আনতে পারে। তার ভাষায়, “সত্যি বলতে, হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো হতে পারে। বাস্তবতা হলো, এই পরিস্থিতি আর দীর্ঘায়িত হতে পারে না।”
২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে একটি স্থায়ী সমঝোতা চুক্তির দিকে অগ্রসর হওয়া।
বিজ্ঞাপন
চুক্তি নিয়ে অগ্রগতির অংশ হিসেবে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
পরবর্তীতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে আলোচনার প্রস্তাব পাঠায় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ফ্লোরিডা যাওয়ার আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, ইরানের সর্বশেষ প্রস্তাব নিয়ে তিনি সন্তুষ্ট নন।
সূত্র : সিএনএন








