ইরান যুদ্ধ : জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ইরান ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো জোটভুক্ত জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগন এ সিদ্ধান্তের কথা জানায় এবং শিগগিরই প্রত্যাহার প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
সম্প্রতি জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎস এক অনুষ্ঠানে বলেন, দুই মাস ধরে চলমান যুদ্ধ শেষ করার আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করেছে এবং ওয়াশিংটন এই সংকট থেকে বের হওয়ার কৌশল ঠিকভাবে নির্ধারণ করতে পারছে না।
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জার্মান চ্যান্সেলরের বক্তব্য অনুচিত ও অসহযোগিতামূলক। তার ভাষায়, এ ধরনের মন্তব্যের জবাব হিসেবেই প্রেসিডেন্ট প্রশাসন সেনা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
পেন্টাগনের ওই কর্মকর্তা আরও জানান, এই সেনা প্রত্যাহার সম্পন্ন হতে ৬ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।
বর্তমানে ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি রয়েছে জার্মানিতে। দেশটিতে প্রায় ৫০টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে এবং সেখানে প্রায় ৩৫ হাজার সেনা অবস্থান করছে। ইউরোপে অন্য কোনো দেশেই এত বড় মার্কিন সামরিক উপস্থিতি নেই।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পরিস্থিতি বিবেচনায় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন জার্মানিতে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। এখন ৫ হাজার সেনা প্রত্যাহার হলে সেই অতিরিক্ত মোতায়েন পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে।
বিজ্ঞাপন
২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য, শুল্ক ও নিরাপত্তা ইস্যুতে টানাপোড়েন বাড়তে থাকে। এর মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
ট্রাম্পের অভিযোগ, ইরান ইস্যুতে ইউরোপ ও ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে যথাযথভাবে দাঁড়ায়নি। অন্যদিকে ইউরোপীয় নেতাদের অবস্থান হলো, তারা এই সংকটের সমাধান কূটনৈতিক পথে দেখতে চান।
বিজ্ঞাপন
এর আগে স্পেন ও ইতালির সঙ্গে ইরান ইস্যুতে মতপার্থক্য দেখা দেয় যুক্তরাষ্ট্রের। স্পেনকে শুল্ক নিষেধাজ্ঞার ইঙ্গিতও দেন ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সমালোচনাও করেন তিনি। এবার সেই উত্তেজনার তালিকায় যুক্ত হলো জার্মানি।
আরও পড়ুন: ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা করলেন ট্রাম্প
সাম্প্রতিক এক প্রশ্নে স্পেন ও ইতালি থেকেও সেনা প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, “সম্ভবত করা হবে।”
বিজ্ঞাপন
সূত্র : রয়টার্স








