Logo

ইরানে সামরিক পদক্ষেপ, ‘ভুল’ মনে করেন ৬১% মার্কিন নাগরিক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মে, ২০২৬, ১২:৫৩
ইরানে সামরিক পদক্ষেপ, ‘ভুল’ মনে করেন ৬১% মার্কিন নাগরিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বড় একটি অংশ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছে। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন

ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোসের পরিচালিত এক সমীক্ষা অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৬১ শতাংশ মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ সঠিক হয়নি। বিপরীতে ৩৬ শতাংশ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জেরে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক প্রাণহানি ঘটে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দেয়, যার ফলে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

বিজ্ঞাপন

জরিপে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, জ্বালানির উচ্চমূল্যের প্রভাব তাদের দৈনন্দিন জীবনে পড়েছে। ৪৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন। এছাড়া ৪২ শতাংশ পারিবারিক খরচ কমানোর পদক্ষেপ নিয়েছেন। যাদের বার্ষিক আয় ৫০ হাজার ডলারের কম, তাদের মধ্যে এই হার আরও বেশি—গাড়ি ব্যবহার কমানোর ক্ষেত্রে ৫৬ শতাংশ এবং খরচ কমানোর ক্ষেত্রে ৫৯ শতাংশ।

এই পরিস্থিতি এমন সময়ে তৈরি হয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে নতুন নিম্ন পর্যায়ে পৌঁছেছে। অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের অসন্তোষও বাড়ছে।

বিজ্ঞাপন

জরিপে আরও দেখা গেছে, ৪৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে হামলার সিদ্ধান্ত ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি আগে যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় বিদেশি সংঘাত থেকে দূরে রাখার কথা বলেছিলেন।

এদিকে, হতাহতের সংখ্যা তুলনামূলক কম হলেও এই যুদ্ধের প্রতি জনসমর্থন কম। জরিপে বলা হয়েছে, জনপ্রিয়তার দিক থেকে এটি অতীতের ইরাক যুদ্ধ (২০০৬ সালের সহিংস সময়) এবং ১৯৭০-এর দশকের শুরুতে ভিয়েতনাম যুদ্ধের মতোই অজনপ্রিয় হয়ে উঠেছে।

মার্কিন সামরিক অভিযানের সাফল্য নিয়েও বিভক্ত মত দেখা গেছে। ৩৯ শতাংশ মনে করেন, এই অভিযান সফল হয়নি। ১৯ শতাংশ এটিকে সফল বলে মত দিয়েছেন। তবে ৪১ শতাংশ এখনই কোনো চূড়ান্ত মূল্যায়ন দিতে চাননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

অন্যদিকে, রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে এই অভিযানের পক্ষে সমর্থন এখনও শক্তিশালী। প্রায় ৮০ শতাংশ রিপাবলিকান হামলাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন, যদিও অনেকেই এর চূড়ান্ত ফলাফল নিয়ে এখনই মন্তব্য করতে অনিচ্ছুক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD