বিজেপির ঐতিহাসিক জয়ে মোদিকে ট্রাম্পের অভিনন্দন

ভারতের কয়েকটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদসংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাম্প ফোনালাপে মোদিকে ঐতিহাসিক এই বিজয়ের জন্য শুভেচ্ছা জানান।
দেশাই আরও বলেন, আগের এক ফোনালাপেও ট্রাম্প মোদির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছিলেন, ভারত এমন একজন নেতাকে পেয়ে সৌভাগ্যবান।
বিজ্ঞাপন
গত সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি। এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটছে। একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও সহযোগী দল এনআর কংগ্রেসের সঙ্গে জোটে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি।
সূত্র: আনন্দবাজার








