Logo

পশ্চিমবঙ্গে ভোটের পর থেকেই রাজ্যজুড়ে সহিংসতা, ওসি গুলিবিদ্ধ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মে, ২০২৬, ১১:২৬
পশ্চিমবঙ্গে ভোটের পর থেকেই রাজ্যজুড়ে সহিংসতা, ওসি গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়েছে। ৪ মে ফল ঘোষণার রাত থেকেই কলকাতাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও হামলার খবর পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

ফল প্রকাশের পর একাধিক স্থানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। বিভিন্ন জেলায় সংঘর্ষের পাশাপাশি খুনের অভিযোগও উঠেছে।

উত্তর ২৪ পরগনার ন্যাজাট এলাকায় সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন থানার ওসি ভরত প্রসূন কর। পুলিশ জানিয়েছে, রাজবাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ঘটনাস্থলে গেলে একটি বাড়ি থেকে গুলি ছোড়া হয়। এতে ওসির পায়ে গুলি লাগে। একই ঘটনায় এক কনস্টেবলও আহত হন। দুজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও উত্তেজনা ছড়িয়েছে। সেখানে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, আইএসএফের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। অন্যদিকে বেঁওতা এলাকায় তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একটি পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও রয়েছে।

হাওড়ার উদয়নরায়ণপুরে মঙ্গলবার সকালে এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নিহতের নাম যাদব বর (৪৮)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বীরভূমের নানুরে এক তৃণমূল কর্মী আবির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগও উঠেছে। বারুইপুর, কৃষ্ণনগর ও বর্ধমানসহ নানা এলাকায় একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের ওয়ার্ডেও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং দলীয় পতাকা নামিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে মুর্শিদাবাদের ডোমকল এলাকায় এক সিপিএম কর্মী শফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহিংসতার বিষয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ফল ঘোষণার পর থেকে তাদের কর্মীদের ওপর হামলা চলছে এবং বহু দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বিজেপি নেতারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD