বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত মিলতেই বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারের অন্যতম বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৫ দশমিক ১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৬ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৮৭ ডলারে।
এর আগে বুধবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের দিকে এগোচ্ছে। ওই সমঝোতা হলে চলমান সংঘাত পুরোপুরি বন্ধ হওয়ার পথ তৈরি হতে পারে। পাশাপাশি পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কার্যক্রম, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ অর্থ ফেরত এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর মতো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন প্রকাশের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়। এক ধাক্কায় প্রতি ব্যারেল তেলের দাম ১০৮ ডলার থেকে ১০০ ডলারের নিচে নেমে আসে।
পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সমঝোতা না হলে আবারও সামরিক হামলা শুরু হতে পারে।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই সময় ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এই পথ আংশিকভাবে বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের বাজার অস্থির হয়ে ওঠে।
সূত্র: এএফপি








