Logo

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মে, ২০২৬, ১৮:৩২
যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ সরাতে ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শেষ পর্যন্ত স্থগিত করতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে ওয়াশিংটনকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অভিযানের ঘোষণা দেওয়ার পর সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি দেশ বিস্ময় প্রকাশ করে। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিষয়টি নিয়ে ট্রাম্পের আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

সৌদি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে পাকিস্তানের নেতৃত্বে যে কূটনৈতিক তৎপরতা চলছে, সৌদি আরব সেটিকেই সমর্থন দিচ্ছে। দেশটি সামরিক পদক্ষেপের বদলে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে নতুন এই প্রতিবেদনে ভিন্ন কারণ সামনে এসেছে।

হোয়াইট হাউসের দাবি, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই এই অভিযান ঘোষণা করা হয়েছিল। যদিও ওমানের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র আগে থেকে তাদের কিছু জানায়নি; বরং অভিযান ঘোষণার পর যোগাযোগ শুরু করে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে তেহরান। এর আগে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত ছিল।

সূত্র: এনবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD