Logo

ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মে, ২০২৬, ১৭:৪১
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

ঘুষ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। বৃহস্পতিবার (৭ মে) পৃথক রায়ে এই সাজা ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে থাকার সময় ঘুষ গ্রহণ ও দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাবেক এই দুই মন্ত্রীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আদেশ দেওয়া হয়েছে। তবে তাদের মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

আদালত জানিয়েছে, ওয়েই ফেংহে ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও দেওয়ার—দুই ধরনের অভিযোগই প্রমাণিত হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত দুজনই চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি তারা স্টেট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রায়ে আরও বলা হয়েছে, দুই বছরের স্থগিতাদেশ শেষে তাদের সাজা আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নেবে। এরপর তারা কোনো ধরনের দণ্ড মওকুফ বা আগাম মুক্তির সুযোগ পাবেন না।

বিজ্ঞাপন

এছাড়া সাবেক এই দুই মন্ত্রীর রাজনৈতিক অধিকার আজীবনের জন্য বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD