ইরানকে হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত পূর্ণমাত্রার যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং দেশটির জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনার সময় এই আহ্বান জানান।
বৈঠকে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর পাশাপাশি হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
সম্প্রতি সংঘাতের পরিপ্রেক্ষিতে প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আরোপের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয় এবং বিভিন্ন দেশে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়।
ইরান জানিয়েছে, এখন থেকে প্রণালিটি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং বিদেশি জাহাজকে চলাচলের আগে অনুমতি নিতে হবে ও টোল প্রদান করতে হবে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের মতে, এটি আন্তর্জাতিক জলপথ এবং এ ধরনের শর্ত আরোপ গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
এদিকে গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই বিরতির লক্ষ্য একটি বিস্তৃত শান্তিচুক্তির দিকে অগ্রসর হওয়া। সেই আলোচনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেন।
চীনা গণমাধ্যম সূত্রে জানা যায়, যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে কয়েক দফা ফোনালাপ হলেও ওয়াং ই ও আব্বাস আরাগচির সরাসরি বৈঠক এটিই প্রথম।
বিজ্ঞাপন
সূত্র: সিএনবিসি, গালফ নিউজ








