সরকার গড়তে এলেন থালাপতি বিজয়, ফিরিয়ে দিলেন রাজ্যপাল রাজেন্দ্র

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দক্ষিণী তারকা থেকে রাজনীতিবিদ থালাপতি বিজয় ও তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে গিয়ে ফেরত আসতে হয়েছে তাকে।
বিজ্ঞাপন
নির্বাচনের পর ৬ মে লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন বিজয়। এ সময় তিনি সরকার গঠনের অনুমতি চান। তবে রাজ্যপাল তাকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত না হওয়ায় ফিরে যেতে বলেন বলে সূত্রে জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, বিজয় ১১২ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে যান। কিন্তু রাজ্যপাল তাকে ১১৮ জন বিধায়কের সমর্থন নিয়ে আবার আসতে বলেন। এতে ৭ মে তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। টিভিকে নির্বাচনে ১০৮টি আসনে জয় পায়। তবে বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হবে, ফলে কার্যকর সংখ্যা দাঁড়ায় ১০৭।
এর মধ্যে কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়ায় ১১২-এ। অর্থাৎ সরকার গঠনের জন্য এখনো অন্তত ৬টি আসন প্রয়োজন।
বিজ্ঞাপন
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে টিভিকে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে রয়েছে সাবেক ক্ষমতাসীন দল অল ইন্ডিয়া দ্রাবিড়া মুন্নেত্র কাজাগাম (এআইএডিএমকে) এবং ভিসিকে। তবে এ পর্যন্ত কোনো দলই আনুষ্ঠানিকভাবে টিভিকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত জানায়নি।
অন্যদিকে বাম দল সিপিআই ও সিপিআই (এম) স্পষ্ট জানিয়েছে তারা ডিএমকে জোটেই থাকবে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও ডিএমকে-কে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে।
কংগ্রেসের অবস্থান বদল নিয়েও রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। ডিএমকে নেতারা এটিকে জোটগত বিশ্বাসের অভাব হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টিভিকের সরকার গঠন এখন পুরোপুরি জোট রাজনীতির ওপর নির্ভর করছে। বিজয় শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তামিলনাড়ুর রাজনীতিতে।








