মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে পারছেন না থালাপতি বিজয়

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও এখনই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন এখনো নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) বিজয়ের শপথ নেওয়ার কথা থাকলেও রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো মনে করছেন, সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা টিভিকের হাতে নেই। এ কারণেই শপথ অনুষ্ঠান স্থগিত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, কংগ্রেস সমর্থনের আশ্বাস দিলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে।
বিজ্ঞাপন
এরই মধ্যে রাজ্যপাল বিধানসভা ভেঙে দিয়েছেন এবং অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য কেরালায় রওনা হয়েছেন। বুধবার বিজয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি উপস্থাপন করেন। একই সঙ্গে টিভিকের সাধারণ সম্পাদক আধভ অর্জুনও আইনি টিম নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। কংগ্রেসের ৫টি আসনের সমর্থন পেলে সেই সংখ্যা দাঁড়ায় ১১২-এ। ফলে এখনো অন্তত ৬টি আসনের সমর্থন প্রয়োজন টিভিকের।
বিজ্ঞাপন
রাজনৈতিক সূত্র বলছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। তবে কংগ্রেস ছাড়া আর কোন দল বা স্বতন্ত্র সদস্য বিজয়ের পাশে দাঁড়াবে, তা এখনো স্পষ্ট নয়।
দুই আসন পাওয়া বিদুথালাই চিরুথাইগল কাচি (ভিসিকে) শুক্রবার বৈঠকে বসবে। অন্যদিকে বাম দল সিপিআই ও সিপিআই(এম) সিদ্ধান্ত নিতে আরও সময় চেয়েছে।
বিজ্ঞাপন
নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন, এআইএডিএমকে ৪৭টি, পিএমকে ৪টি, আইইউএমএল ২টি, সিপিআই ২টি এবং সিপিআই(এম) ২টি আসন। এছাড়া বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে একটি করে আসনে জয় পেয়েছে।
সূত্র: এনডিটিভি








