Logo

তামিলনাড়ুতে ঐতিহাসিক জয় নিয়ে যা বললেন থালাপতি বিজয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মে, ২০২৬, ১৯:০২
তামিলনাড়ুতে ঐতিহাসিক জয় নিয়ে যা বললেন থালাপতি বিজয়
ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় সাফল্যের পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া থালাপতি বিজয়। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি স্বচ্ছতা, তরুণদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজয় বলেন, শুরু থেকেই তাদের দলকে নানা সমালোচনা ও উপহাসের মুখে পড়তে হয়েছে। তবে জনগণের ওপর আস্থা রেখে তারা দৃঢ়তার সঙ্গে নির্বাচনি লড়াই চালিয়ে গেছেন।

তিনি আরও দাবি করেন, এবারের নির্বাচন ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দলের পক্ষ থেকে এটিকে “অলৌকিক নির্বাচন” বলা হয়েছিল, যা শেষ পর্যন্ত বাস্তব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিরোধীদের সমালোচনা করে বিজয় বলেন, নিরপেক্ষতার আড়ালে তাদের বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি ও অপপ্রচার চালানো হয়েছে। তবে তামিলনাড়ুর জনগণ সবসময় তাদের পাশে থেকেছে বলে তিনি উল্লেখ করেন।

রাজনীতিতে আসার উদ্দেশ্য ছিল জনগণের প্রতি দায়বদ্ধতা পূরণ করা, আর সেই জনগণই তাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে এগিয়ে নিয়েছে।

এবারের নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের বিপরীতে টিভিকে পেয়েছে ১০৮টি আসন। ফলে সরকার গঠনে দলটিকে আরও ১০টি আসনের ঘাটতি পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ অবস্থায় ছোট দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সম্ভাব্য জোটসঙ্গী হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পাট্টালি মাক্কাল কাচ্চি এবং বাম দলগুলোর নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে বিজেপি নেত্রী খুশবু সুন্দরও বিজয়কে এনডিএ জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এখন রাজনৈতিক মহলে প্রশ্ন, শেষ পর্যন্ত কোন জোট বেছে নেবেন থালাপতি বিজয়।

বিজ্ঞাপন

সূত্র: থালাপতি বিজয়ের এক্স অ্যাকাউন্ট, ইন্ডিয়া টুডে

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD