Logo

ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান সমাপ্ত : মার্কো রুবিও

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মে, ২০২৬, ১৮:৩৬
ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান সমাপ্ত : মার্কো রুবিও
ছবি: সংগৃহীত

ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

রুবিও বলেন, “অপারেশন এপিক ফিউরি শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। যে লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করা হয়েছিল, তা অর্জিত হয়েছে।”

তিনি আরও জানান, ইরান ইস্যুতে নতুন কোনো সামরিক অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। বরং দেশটি শান্তিপূর্ণ সমাধান ও আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

তার ভাষায়, “আমরা নতুন কোনো উত্তেজনা চাই না। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে চায়, যেখানে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। একইসঙ্গে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। ২০২৫ সালের জুনে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘর্ষও হয়।

এর আগে ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে টানা আলোচনার চেষ্টা হলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার ব্যর্থতার পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে।

বিজ্ঞাপন

এই সংঘাতে ইরানের বহু সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। একই সময়ে ইরানও পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন দেশের লক্ষ্যবস্তুতে।

টানা সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা এখনও কার্যকর রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এবিসি নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD