নিজের এআই ছবি ঘিরে বিপাকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি কিছু ছবি নিয়ে নতুন করে বিতর্কে পড়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অনলাইনে ছড়িয়ে পড়া এসব ছবিকে ঘিরে তিনি সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে মেলোনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা এগুলোকে বাস্তব বলে প্রচার করছে।
ইতালির প্রধানমন্ত্রী আরও জানান, তার একাধিক ভুয়া ছবি ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব ছবি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি একটি বিতর্কিত ছবি শেয়ার করেন, যেখানে তাকে অন্তর্বাস পরা অবস্থায় বিছানায় বসে থাকতে দেখা যায়। ওই ছবির সঙ্গে দেওয়া মন্তব্যে সেটিকে ‘লজ্জাজনক’ এবং ইতালির প্রধানমন্ত্রীর জন্য ‘অনুপযুক্ত’ বলে উল্লেখ করা হয়েছিল।
মেলোনি বলেন, স্বীকার করতেই হবে, যারা এগুলো তৈরি করেছে, অন্তত এই ছবির ক্ষেত্রে তারা আমাকে কিছুটা ‘উন্নত’ও করেছে। এই ঘটনা প্রমাণ করে যে মানুষকে আক্রমণ ও মিথ্যা ছড়াতে এখন ‘যেকোনো কিছুই’ ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি শুধু আমাকে নিয়ে নয়। ডিপফেক একটি বিপজ্জনক হাতিয়ার। কারণ এটি প্রতারণা করতে পারে, মানুষকে প্রভাবিত করতে পারে এবং যেকাউকে আঘাত করতে পারে। আমি নিজেকে রক্ষা করতে পারি, কিন্তু অনেকেই তা পারেন না।
বিজ্ঞাপন
মেলোনি জনগণকে অনলাইনে কোনো তথ্য গ্রহণ বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান।
এবারই প্রথম নয় এর আগেও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন তিনি। দুই বছর আগে মেলোনি সার্ডিনিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মেলোনির মুখ ব্যবহার করে ডিপফেক পর্নোগ্রাফিক ছবি তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেন। মামলাটি এখনো চলমান রয়েছে।
বিজ্ঞাপন








