হরমুজে আটকা পড়েছে ২ মার্কিনি জাহাজ, দাবি ইরানের

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছে ইরান। ওমান উপকূলসংলগ্ন পাথুরে ও ঝুঁকিপূর্ণ এলাকায় জাহাজ দুটি স্থবির হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণাংশের একটি অংশ অগভীর, রুক্ষ ও পাথুরে হওয়ায় ওই এলাকা নৌযান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিপজ্জনক অংশটি ওমান উপকূলের মধ্যে পড়েছে।
“বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালির ওমান উপকূলের পাথুরে অংশ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দু’টি বাণিজ্যিক জাহাজ। এমন এলাকায় জাহাজ দু’টি আটকা পড়েছে— যেখানে কোনো জাহাজের পক্ষে এগোনো কিংবা পেছানো প্রায় অসম্ভব।”
বিজ্ঞাপন
এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু নৌবাহিনীর কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পরবর্তীতে সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানায়, এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরানের প্রতি শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজ চলাচল করতে দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।
বিজ্ঞাপন
হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে এর বড় প্রভাব পড়ে। কারণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।
এই অবস্থায় গত ১২ এপ্রিল ইরানের বন্দরগুলো এবং হরমুজে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। এখনও গুরুত্বপূর্ণ এই বাণিজ্য জলপথ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের মধ্যে আছে।
সূত্র : এএফপি, আনাদোলু এজেন্স
বিজ্ঞাপন








