Logo

হরমুজ প্রণালিতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মে, ২০২৬, ১৪:০৩
হরমুজ প্রণালিতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের অবরোধে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর সহায়তায় নিরাপদে পারাপারের জন্য নেওয়া ‘প্রোজেক্ট ফ্রিডম’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্বল্প সময়ের জন্য প্রকল্পটি স্থগিত রাখা হয়েছে, যাতে চূড়ান্ত কোনো চুক্তি সম্ভব কি না তা যাচাই করা যায়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রকল্প স্থগিত থাকলেও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে।

বিজ্ঞাপন

ট্রাম্পের এ ঘোষণার পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো এটিকে ‘ইরানের বিজয়’ হিসেবে তুলে ধরে বলেছে, সংঘাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র হরমুজ ইস্যুতে পিছু হটছে।

উল্লেখ্য, আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও জ্বালানি পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর এ গুরুত্বপূর্ণ জলপথে অবরোধ জারি করে ইরান, ফলে শতাধিক জাহাজ আটকা পড়ে।

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে ৪ মে ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করা হয়েছিল, যার মাধ্যমে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পারাপারের পরিকল্পনা ছিল। তবে ঘোষণার একদিন পরই সেটি স্থগিত করা হলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD