আরব সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের পাশে পাকিস্তান

গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরে ভেসে থাকা ভারতীয় জাহাজ এমভি গৌতমের নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তান নৌবাহিনী। মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, বিপদে পড়া জাহাজটির নাম এমভি গৌতম। এতে মোট ছয়জন নাবিক ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।
জানা গেছে, কয়েক দিন আগে ওমানের একটি বন্দর থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছিল জাহাজটি। তবে মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এটি আরব সাগরে আটকা পড়ে এবং ভাসতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জাহাজটিতে থাকা খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় রসদের ঘাটতি দেখা দেয়, যা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তোলে। এমন অবস্থায় জাহাজটি থেকে জরুরি সহায়তার জন্য এসওএস বার্তা পাঠানো হয়।
বিজ্ঞাপন
এমভি গৌতমের এসওএস বার্তা পায় ভারতের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) মুম্বাই শাখা। বার্তা পাওয়ার পর এমআরসিসি ইসলামাবাদে যোগাযোগ করে এবং পাকিস্তানের সরকারের কাছে সহযোগিতার অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া দিয়েই আরব সাগরে নিজেদের নৌবাহিনীর জাহাজ পিএমএসএস কাশ্মির পাঠায় পাকিস্তানের নৌবাহিনী।
পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এমভি গৌতমের ক্রুদের খাদ্য, ওষুধ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে পাকিস্তানের নৌবাহিনী। সেই সঙ্গে জাহাজটির নিরাপত্তাও নিশ্চিত করেছে। এ অভিযানে পাকিস্তানের নৌবাহিনীকে সহযোগিতা করেছে দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)।
বিজ্ঞাপন
এদিকে কাতারভিত্তিক ইংরেজি দৈনিক দ্য গালফ টাইমস তাদের টুইটার অ্যাকাউন্টে পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে এমভি গৌতমের নাবিকদের কাছে জরুরি রসদ পৌঁছে দেওয়ার কিছু ছবি প্রকাশ করেছে।
উল্লেখ্য, এর আগেও গত মাসে আরব সাগরে বিপদে পড়া আরেকটি জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছিল পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া ওই নাবিকদের মধ্যে চীন, মিয়ানমার, ভিয়েতনাম, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।
সূত্র : রয়টার্স, এনডিটিভি অনলাইন
বিজ্ঞাপন








