পশ্চিমবঙ্গে যেভাবে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম এলাকায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত চন্দ্রনাথ রথের গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় গাড়িচালকসহ আরও একজন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা চন্দ্রনাথের মাথায় গুলি করে।
গুলিবিদ্ধ অবস্থায় প্রায় এক কিলোমিটার গাড়ি চালিয়ে তাকে মধ্যমগ্রামের বিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারীসহ বিজেপির একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার আগে একটি গাড়ি চন্দ্রনাথ রথের গাড়ির সামনে এসে পথরোধ করে। এরপর পেছন থেকে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে এবং থামার পরপরই গুলি চালায়। অন্তত পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনার পর ফরেনসিক দল রাতে হাসপাতালে গিয়ে আলামত সংগ্রহ করে। নিহতের মরদেহ বৃহস্পতিবার বারাসাত জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা রয়েছে।
রাজ্য পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তা জানান, ঘটনাস্থল থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নম্বর প্লেট জাল বা বিকৃত করা ছিল। গুলির খোসাও উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে।
এদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে নজরদারি চালিয়ে ভুয়া নম্বর প্লেটযুক্ত গাড়ি ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আইন হাতে না নেওয়ার অনুরোধ জানান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে না আসার আহ্বান জানান। নিহতের পরিবার ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
সূত্র: এনডিটিভি








