Logo

থালাপতি বিজয়ের নিরাপত্তা প্রটোকল তুলে নিল পুলিশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মে, ২০২৬, ১৬:১৭
থালাপতি বিজয়ের নিরাপত্তা প্রটোকল তুলে নিল পুলিশ
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় চমক তৈরি করলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় থাকা সম্ভাব্য মুখ্যমন্ত্রী ও সাবেক চলচ্চিত্র তারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর (থালাপতি বিজয়) সরকারি নিরাপত্তা প্রটোকল সুবিধা হারিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) থেকেই তাকে সরকারি প্রটোকল ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এ বিষয়ে তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিজয়ের নিজস্ব অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তার ভাষায়, “মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে তিনি সরকারি নিরাপত্তা প্রটোকল না নেওয়ার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। তবে মৌলিক নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।”

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ১০৮ আসনে জয়ী হয়। বিজয় নিজেও দুইটি আসনে জয় পান।

বিজ্ঞাপন

তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়েছে। কংগ্রেস পাঁচটি আসন নিয়ে টিভিকের সঙ্গে জোটে আসলেও প্রয়োজনীয় সংখ্যার কাছাকাছি পৌঁছাতে পারেনি দলটি।

এদিকে সাবেক বিরোধী দল এআইএডিএমকে এবং তাদের জোটসঙ্গী ভিসিকের সঙ্গে আলোচনা করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বাম দল সিপিআই ও সিপিআই (এম) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ স্পষ্টভাবে ডিএমকে নেতৃত্বাধীন জোটে থাকার ঘোষণা দিয়েছে।

ফলে এখনো কোনো দলই টিভিকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত অবস্থান জানায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আজ ৭ মে তামিলনাড়ুর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হওয়ার কথা থাকলেও জোট রাজনীতির জটিলতায় তা স্থগিত হয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD