পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত ৪, গ্রেপ্তার ৪৩৩

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। একই ঘটনায় সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্তা।
তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৪ জন প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত ২০০টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলায় জড়িত সন্দেহে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
বিজ্ঞাপন
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪ মে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফল ঘোষণার রাত থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটতে শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, ফল ঘোষণার পর রাতেই কলকাতাসহ একাধিক জেলায় রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে। এরপর থেকে উত্তেজনা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এ পর্যন্ত নিহতদের মধ্যে উভয় দলের সমর্থক রয়েছে বলে জানা গেছে। সহিংসতার জন্য তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে দায়ী করছে।
বিজ্ঞাপন
এরই মধ্যে একটি পৃথক ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অভিযোগ করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে, সহিংসতার পেছনে বিজেপি-সমর্থিত দুষ্কৃতিকারীরা জড়িত।
সূত্র: রয়টার্স








