পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শপথ নেবেন কাল

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। শুক্রবার কলকাতায় বিজেপির নেতৃত্বাধীন সংসদীয় দলের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বৈঠকে শুভেন্দুর নাম প্রস্তাব করেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এছাড়া উপ-পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চড়ন মাঝি। শুভেন্দুর নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটলো।
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ৪ মে ভোটগণনায় ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি।
বিজ্ঞাপন
শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মমতা ব্যানার্জির মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দিগ্রামে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিলেন শুভেন্দু। এবারও তিনি ভবানিপুর আসনে মমতাকে হারিয়েছেন। ওই আসনটি দীর্ঘদিন ধরে মমতার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেখানে মমতার চেয়ে ১৫ হাজারের বেশি ভোট পেয়েছেন শুভেন্দু।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এবার দুজন উপ-মুখ্যমন্ত্রীও নিয়োগ দিতে পারে বিজেপি। গত দুই দশকে রাজ্যটিতে উপ-মুখ্যমন্ত্রীর পদ ছিল না।
সূত্র: এনডিটিভি








