Logo

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মে, ২০২৬, ১৫:৩৬
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও প্রায় ২০ জন পর্বতারোহী। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

দেশটির আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৮ মে) সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। বিস্ফোরণের সময় প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল স্তম্ভ আকাশে উঠে যায় এবং চারপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, নিখোঁজদের খুঁজে বের করতে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছে। নিখোঁজদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানিয়েছেন, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক।

বিজ্ঞানীরা আগ্নেয়গিরিতে অস্বাভাবিক কার্যক্রম লক্ষ্য করার পর ১৭ এপ্রিল থেকেই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষ আগেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মূল ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছিল।

বিজ্ঞাপন

সরকারি আগ্নেয়গিরি সংস্থা জানায়, ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ছে, যার ফলে তোবেলো শহরের বাসিন্দাদের ছাইঝরার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে লাভা প্রবাহ ও পাথর ছিটকে পড়ার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়।

মাউন্ট ডুকোনো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। মার্চ মাস থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD